ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমাদের লক্ষ্য— ইসলামী দলগুলো ছাড়াও ইসলাম, দেশ ও মানবতা এই তিনটির ভিত্তিতে যারাই আমাদের সঙ্গে থাকতে চায়, তাদের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করা। যদি জোট না হয়, তাহলে ভিন্ন পরিকল্পনা থাকবে।
মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা শহরের পৌর শহীদ মিনারে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের গাইবান্ধা জেলা শাখা এ গণসমাবেশের আয়োজন করে।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, সরকার যেসব সংস্কার করছে, সেগুলো কার্যকর হলে খুব ভালো হবে। আমরা একটি গ্রহণযোগ্য, সুন্দর ও স্বচ্ছ নির্বাচন চাই। যে নির্বাচনে ব্যালট বাক্স চুরি ও ছিনতাই হবে না। কেন্দ্র দখল ও ভোট ডাকাতি হবে না। অবৈধভাবে দিনের ভোট রাতে করা হবে না। অবৈধ কাউকে নির্বাচিত ঘোষণা করা হবে না।
বর্তমান সিইসির অধীনে নির্বাচন করা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সিইসি এখনো নির্বাচন দেয়নি। তবে আমি মনে করি, সিইসির উচিত বিগত সিইসিরাও অবৈধ নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা যে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, এই সিইসি যেন সেই অপমানিত না হয়।
বিএনপি দেশে জবরদখল, চাঁদাবাজি, চাপ প্রয়োগ ও মানুষের কণ্ঠ রোধ করছে অভিযোগ তুলে ইসলামী আন্দোলনের নায়েবে আমির বলেন, তারা (বিএনপি) অবৈধভাবে মেয়র হওয়ার আগেই নিজেরা মেয়রের চেয়ারে বসছে। তারা জোরপূর্বক আইনকে নিজেদের পক্ষে রায় দেওয়ার জন্য বিচারকদের প্রেসার ক্রিয়েট করছে। যদি এরকম তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না।
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল মাজেদ। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এম হাসিবুল ইসলাম, গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মুফতি আল আমিন বীন হোসেইন, ইসলামী শ্রমিক আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সভাপতি আবদুল মুওালিব মন্ডল, ইসলামী যুব আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সভাপতি মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম প্রমুখ।