অ্যামনেস্টির লোকেরা সাইবার আইন খুব খারাপ নয় বললে আমি বিস্মিত হই: আসিফ নজরুল

যখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লোকেরা আমাকে বলে যে সাইবার নিরাপত্তা আইন খুব খারাপ কোনো আইন নয়, তখন আমি খুব বিস্মিত হই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর গুলশানে কমনওয়েলথ চার্টার–বিষয়ক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

অন্তর্বর্তী সরকার মতপ্রকাশের স্বাধীনতার জন্য সাইবার সুরক্ষা অধ্যাদেশও সংশোধন করেছে উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের আমলে সাইবার আইনের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছিলেন। কিন্তু আপনি যখন এমন লোকদের কাছ থেকে শোনেন যে এটি খুব খারাপ আইন নয়, তার মানে এটি একটি ভালো আইন।

তিনি বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থান শুধু রাজনৈতিক আন্দোলন নয়, জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা শুধু আগামী দিনের নেতা নন, তারাই হবেন আগামী দিনের পরিবর্তন সৃষ্টিকারী।

কমনওয়েলথ সনদকে নৈতিক দিকনির্দেশক অভিহিত করে আসিফ নজরুল বলেন, এই চার্টার কমনওয়েলথভুক্ত দেশগুলোকে সীমানা ছাড়িয়েও একত্র রাখে। বর্তমান সরকারের চলমান সংস্কার কার্যক্রমও কমনওয়েলথ চার্টারের মূল্যবোধগুলো ধারণ করে।

তিনি বলেন, তরুণদের সক্রিয়তা ইতিমধ্যেই সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে ছাপ ফেলেছে। রাস্তা থেকে নীতিনির্ধারণের জায়গা পর্যন্ত তরুণেরা দেখিয়েছেন, তাঁদের ভূমিকা শুধু নিষ্ক্রিয় পর্যবেক্ষণের নয়।

কমনওয়েলথ চার্টার কর্মশালাটি বাংলাদেশের তরুণদের স্বপ্ন দেখাতে শেখাবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক লুইস ফ্রান্সেশি। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পন্ন করার আগে আপনারা আত্মসমর্পণ করবেন না। সমান অধিকার ছাড়া ন্যায়বিচার অর্জন হয় না।