নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়েছে জামায়াত

আদালতের আদেশের পর এবার নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেয়েছে বাংলাদেশে জামায়াত ইসলাম। গতকাল মঙ্গলবার  নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যেহেতু রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য এ আদেশের আর্টিকেল ৯০বি এর শর্তানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দল কর্র্তৃক নিবন্ধনের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলকে নির্বাচন কমিশন সচিবালয়ের ৫ নভেম্বর ২০০৮/২১ কার্তিক ১৪১৫ তারিখের নিকস/প্র-৩/রাদ/৫(৪৪)/২০০৮/১১৪১ সংখ্যক প্রজ্ঞাপনমূলে নিবন্ধন দেওয়া হয়েছিল (নিবন্ধন নম্বর-০১৪, তারিখ : ৪ নভেম্বর ২০০৮); এবং যেহেতু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর-৬৩০ অব ২০০৯ এর প্রদত্ত রায়ের সূত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের ১৩ কার্তিক ১৪২৫/২৮ অক্টোবর ২০১৮ তারিখের প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু, সিভিল আপিল নম্বর ১৩৯ অব ২০১৩ উইথ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ৩১১২ অব ২০১৩ এ আপিল বিভাগ কর্র্তৃক হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নম্বর-৬৩০ অব ২০০৯ এর প্রদত্ত রায় বাতিলপূর্বক দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ দিয়েছে; সেহেতু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল আপিল নম্বর ১৩৯ অব ২০১৩ উইথ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ৩১১২ অব ২০১৩ এর প্রদত্ত রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্র্তৃক প্রকাশিত ২৮ অক্টোবর ২০১৮ তারিখের প্রজ্ঞাপনটি এতদ্বারা বাতিলক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো।’

এর আগে, গত ১ জুন রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন আপিল বিভাগ। একই সঙ্গে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে বলে আপিল বিভাগের আদেশে বলা হয়।

২০১৩ সালে এক রিট মামলার রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। এরপর থেকে দলটির নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যায়। এর বিরুদ্ধে আপিল করেও সে সময় নিজেদের পক্ষে রায় পায়নি জামায়াত। গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর আপিল বিভাগ সিদ্ধান্ত পাল্টানোয় এখন আবার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে রাজনীতি করার সুযোগ তৈরি হলো দলটির।