দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের জের

কাউকে কনসালট্যান্ট উপদেষ্টা নিয়োগ দেয়নি দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নাম ব্যবহার করে উপদেষ্টা, কনসালট্যান্ট, পরামর্শক ইত্যাদি পরিচয় দেওয়ার বিষয়ক সতর্ক করেছে সংস্থাটি। সম্প্রতি বিভিন্ন ব্যক্তি প্রতারণা ও চাঁদাবাজির উদ্দেশে এসব পরিচয় দিয়ে আসছে বলে কমিশন অভিযোগ পেয়েছে।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু ব্যক্তি বিশেষ বিভিন্ন জায়গায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপদেষ্টা/কনসালটেন্ট/পরামর্শক/সহযোগী/সহকারী পরিচয় দিচ্ছেন। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নিয়োগকৃত কোনো উপদেষ্টা/কনসালটেন্ট/পরামর্শক/সহযোগী/সহকারী নেই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হলো।

প্রসঙ্গত গতকাল মঙ্গলবার শেখ আবু মাহদী নামে এক ব্যক্তি দুদকের কনসালটেন্ট পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদাদাবি ও হয়রানির বিষয়ে শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই এ বিষয়ে সবাইকে সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করল দুদক।