শিক্ষা উপদেষ্টা বললেন

কারিগরি শিক্ষার গঠন বিদেশি শ্রমবাজার অনুযায়ী হওয়া উচিত

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, ‘নারী শিক্ষার্থী অন্তর্ভুক্তিতে সাধারণ ধারার শিক্ষার তুলনায় কারিগরি শিক্ষায় ব্যাপক ঘাটতি রয়েছে। কারিগরি শিক্ষার গঠন বিদেশি শ্রমবাজার অনুযায়ী হওয়া উচিত। বিশ্বে স্কিল ওয়ার্কারের চাহিদা বাড়ছে। সে অনুযায়ী আমাদের কারিগরি শিক্ষার কাঠামো হওয়া উচিত।’ গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাজেট ২০২৫-২৬ : শিক্ষা ও কর্মসংস্থান সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমাদের সময় এবং সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। পাশাপাশি দায়বদ্ধতার অভাব আর সঠিক পরিকল্পনার ঘাটতি আমাদের নানা চ্যালেঞ্জের মুখে ফেলছে। বিদেশ থেকে যে ঋণ পাচ্ছি, তার বড় অংশ আগের ঋণ  শোধ করতেই খরচ হয়ে যাচ্ছে। বছরের পর বছর বাংলাদেশ এ ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে শিক্ষা খাতসহ অগ্রাধিকারের জায়গাগুলোতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না।’ তিনি বলেন, ‘শিক্ষা কমিশন হলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন না। শিক্ষা খাতের সংস্কারে শুধুমাত্র আলোচনা নয়, সময়সীমা নির্দিষ্ট করে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।’

শিক্ষায় প্রযুক্তির ব্যবহার এবং বাংলায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন ভাষায় লেখা বইগুলো অনুবাদ করার ওপর গুরুত্বারোপ করে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘গুণগত শিক্ষা নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’ এক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।