সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ৩৯ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার সকালে তাদের পুশইন করা হয়। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের কারণে তাদের আটক করেছে বিজিবি। এ ছাড়া লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার হোসনাবাদ সীমান্ত দিয়ে পাঁচ নারী-শিশুসহ সাতজন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল ভোরে উপজেলার বাউরা ইউনিয়নের ৮২ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ৩৯ জনকে বাংলাদেশে পুশইন প্রসঙ্গে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হওয়া গেছে তারা বাংলাদেশের নাগরিক। তবে দীর্ঘদিন ধরে তারা ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। সেখানকার পুলিশ তাদের আটক করে বিএসএফ এর কাছে তুলে দেয়। এরপর বিএসএফ তাদের সীমান্ত পথে ঠেলে পাঠিয়েছে।
এদিকে মঙ্গলবার সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। তাদেরও আটক করেছে বিজিবি। এই ২০ জনের মধ্যে ১৯ জনের বাড়ি কুড়িগ্রামে ও একজনের বাড়ি পাবনায়। বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, সকালে খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকার একটি মসজিদ থেকে সাতজনকে উদ্ধার করে হেফাজতে নেয়। তারা সবাই খুলনার বাসিন্দা এবং অনেক আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন বলে জানিয়েছে। আটকদের মধ্যে পাঁচজন নারী ও শিশু রয়েছে।