নিজেকে নির্দোষ দাবি করলেন পলক: নতুন মামলায় গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানের সময় হাতিরঝিল থানার একটি হত্যা মামলায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। বুধবার (২৫ জুন) সকালে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানির প্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথি পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এই মামলার শুনানিতে আদালতে নেওয়ার সময় পলক বলতে থাকেন, তিনি কোনো ‘অপরাধ করেননি’। এসময় নিজেকে তিনি ‘নির্দোষও’ দাবি করেন। পূর্ব নির্ধারিত শুনানির জন্য সকাল সাড়ে ১০টার দিকে পলককে আদালতে আনা হয়। এ সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির সাথে কথা বলেন তিনি। শুনানি শুরু হলে পলকের আইনজীবী আদালতকে বলেন, ‘পলক সাহেব কিছু বলতে চান’।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, পলকের কথা বলতে চাওয়ার বিষয়ে বিরোধিতা করেন। এরপর আদালত পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে। পরে সাবেক প্রতিমন্ত্রীকে আদালতে কথা বলার আনুমতি দেয়া হয়নি।

শুনানী শেষে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, “কোমর ব্যথায় তিনি ভালোভাবে চলাফেরা করতে পারছেন না। তিনি কারাগারে ব্যায়াম করছেন। এখন তার থেরাপি প্রয়োজন। আমরা সুচিকিৎসা চেয়ে আদালতে আবেদন করব”।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গেল বছরের ১৯ জুলাইয়ে পশ্চিম রামপুরা ওয়াপদা রোড এলাকায় আন্দোলনে অংশ নেন রমজান মিয়া। ওইদির সকাল ১০টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হলে হাসপাতালে নেওয়ার পথে রমজান মারা যান। এ ঘটনায় গত ২৬ মে হাতিরঝিল থানায় মামলা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই পূর্ণ চিছাম এই মামলায় পলককে গত ১৭ জুন গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।পরে আদালত আসামির উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য ২৫ জুন দিন ঠিক করে দেন। গত বছরের ১৫ অগাস্টে পলককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা, হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।