তবু বুমরাতে আস্থা রাখছেন গম্ভীর

হেডিংলেতে ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা হাতে ছিল, সেটাই হাতছাড়া হয়েছে ভারতের। ম্যাচের শেষ বিকেলে দ্বিতীয় নতুন বলে বুমরাকেও ব্যবহার করেননি শুবমন গিল, আর সেটাই নতুন প্রশ্ন তুলেছে ভারতীয় পেস আক্রমণের গভীরতা নিয়ে। তবে কোচ গৌতম গম্ভীর বলছেন, 'আস্থা রাখুন। এই পেসাররাই ভারতকে ভবিষ্যতের জন্য গড়ে তুলবে।'

এই সিরিজে শুরু থেকেই জানানো হয়েছিল, বুমরাহ খেলবেন সর্বোচ্চ তিনটি টেস্ট। তবে হেডিংলেতে যা দেখা গেল, তাতে প্রশ্ন জেগেছে—বাকি দুটি ম্যাচে বুমরাহকে না পেলে কীভাবে ২০ উইকেট নেবে ভারত?

গম্ভীর জানিয়ে দিলেন, এটাই ভবিষ্যতের পথে যাওয়ার সময়। তার ভাষায়, 'আমাদের এখনকার স্কোয়াডে বুমরা ছাড়া কারও ১০টির বেশি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। কেউ খেলেছে ৫টা (নিতীশ), কেউ ৪টা (প্রসিদ্ধ), কেউ ২টা (হার্সিত), কেউ এখনো অভিষেক করেনি (আর্শদীপ)। এটা মাথায় রাখতেই হবে। কিন্তু এদের মধ্যেই গুণগত মান আছে বলেই তো দলে রয়েছে।'

গম্ভীর বলেন, 'আগে আমাদের পেস ইউনিটে চারজন ছিল, যাদের প্রত্যেকের ঝুলিতে ছিল ৪০+ টেস্ট ম্যাচের অভিজ্ঞতা। এখন সেটা নেই। সেজন্যই এই তরুণদের ধীরে ধীরে তৈরি করতে হবে।'

'বুমরা আর সিরাজ ছাড়া আমাদের হাতে তেমন অভিজ্ঞ কেউ নেই। তাই এই নতুনদের সমালোচনা নয়, বরং সময় দেওয়া উচিত।'

প্রসিদ্ধ কৃষ্ণের প্রতিটি ইনিংসে ইকোনমি রেট ছিল প্রতি ওভারে এক রানের বেশি, কিছু জায়গায় তিনি নিয়ন্ত্রণ হারালেও কোচ তার বিকল্প গুণের কথা মনে করিয়ে দিলেন, 'ওর মধ্যে সেই বাউন্স আছে, যেটা বিশেষ। প্রথম ও দ্বিতীয় ইনিংসে আমরা সেটাই ব্যবহার করেছি।'

শার্দুল ঠাকুর কম বল করলেও গম্ভীর মনে করেন, 'জাদেজা ভালো বল করছিল বলে ওকে কম ব্যবহার করেছি। তবে শার্দুল দুইটি গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছে, যা ম্যাচে ফেরার পথ তৈরি করেছিল।'

নম্বর ৮ থেকে ১১ নম্বর পর্যন্ত ভারতীয় ব্যাটাররা দুই ইনিংসে মিলে করেছেন মাত্র ৯ রান। কিন্তু গম্ভীর সেই ব্যর্থতায় একমাত্র দায় দিচ্ছেন না, 'ওরা চেষ্টা করেছে, কাজ হয়নি। এর মানে এই না যে তারা অলস ছিল। যারা নিচে ব্যাট করে, তারা অনুশীলনে কঠোর পরিশ্রম করে। আমরা ৫৭০-৫৮০ অব্দি যেতে পারতাম, যদি টেল-এন্ডাররা একটু সাহায্য করত। তবে হার শুধু এই কারণে হয়েছে, সেটা বলব না।'

এটা ছিল শুবমন গিলের প্রথম টেস্ট নেতৃত্ব। আর নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও করেছিলেন সেঞ্চুরি। গম্ভীর বললেন, 'প্রথম টেস্ট, তার উপর অধিনায়কত্ব—চাপ ছিলই। কিন্তু যেভাবে সে খেলেছে, নেতৃত্ব দিয়েছে, তাতে আমার পূর্ণ আস্থা আছে তার ওপর। সময় দিতে হবে। কঠিন জায়গায় সে নেতৃত্ব শুরু করেছে, কিন্তু সময়ের সঙ্গে শুবমন পরিপূর্ণ নেতা হয়ে উঠবে।'