জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থায় সংখ্যানুপাতিক (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর) পদ্ধতি ও অনলাইন ভোট গ্রহণ পদ্ধতির প্রস্তাবও দিয়েছে দলটি।
আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন রয়েছে। আমরা চাই, তার আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হোক। অন্তর্বর্তীকালীন বা নির্দলীয় যে কোনো ধরনের সরকারের অধীনেই এই নির্বাচনের আয়োজন করা হোক, যাতে সেটি স্বচ্ছ হয় এবং ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত স্থাপন করে।
হামিদুর রহমান বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি একটি কার্যকর ব্যবস্থা। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে আমাদের প্রস্তাব উপস্থাপন করেছি। পাশাপাশি পোস্টাল এবং অনলাইন ভোটারদের জন্য আধুনিক পদ্ধতি গ্রহণেরও পরামর্শ দিয়েছি।’
বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল স্থানীয় সরকার নির্বাচন জানিয়ে তিনি বলেন, সব রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের অধীনে কমিশন যদি ঐকমত্যে কাজ করে, তাহলে স্থানীয় নির্বাচন আরও বেশি গ্রহণযোগ্য ও অবাধ হতে পারে।
নির্বাচন কমিশনের ওপর আস্থা আছে কি না—এমন প্রশ্নের উত্তরে জামায়াতের এই নেতা বলেন, ‘আমরা আগেও বলেছি, নির্বাচন কমিশন ও সরকার—সবকিছুই আমরা পর্যবেক্ষণে রাখছি। এ বিষয়ে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করছি না। তবে কমিশনের ভালো কাজকে ভালো বলব, আবার কোনো গড়বড় হলে তা নিয়েও কথা বলব। আমরা আশাবাদী, কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে।’