শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। বুধবার (২৫ জুন) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। ২০২৬ সালের মে-জুনে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশ নিবেন এই শিক্ষার্থীরা। এই পরীক্ষাগুলো পূর্ণ সময় ও পূর্ণ নম্বরভিত্তিক এবং এনসিটিবির প্রণীত সম্পূর্ণ সিলেবাসে নেওয়া হবে।
উল্লেখ্য, দেশে করোনা মহামারির কারণে কয়েক বছর ধরে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছে। তবে এখন থেকে পূর্ণাঙ্গ পাঠ্যক্রমে মূল্যায়নের ধারায় ফিরছে শিক্ষা মন্ত্রণালয়।
এতে আরো জানানো হয়, বিষয়টি সংশ্লিষ্ট সব শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানো হয়েছে। একইসঙ্গে প্রয়োজনীয় প্রস্তুতি নিতেও নির্দেশনা দেওয়া হয়েছে। এই চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দায়িত্বশীলদের কাছেও পাঠানো হয়েছে।