বক্তব্য স্পষ্ট, প্রথমে জাতীয় নির্বাচনই হতে হবে: রিজভী

জুলাই-আগস্ট আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, যখন ছাত্র-জনতা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন, তখন তিনি দলের সব নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন তাদের সঙ্গে আন্দোলনে সক্রিয় থাকার জন্য। কখনও তিনি লন্ডন থেকে বক্তব্যের মাধ্যমে আমাদের ছাত্র-জনতার আন্দোলনে পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এই আন্দোলনে আমাদের ছাত্রদলের অনেক নেতাকর্মী, বিএনপির সমর্থক অনেকেই প্রাণ দিয়েছেন।

বুধবার (২৫ জুন) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় ‘জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত নানাভাবে নানা কারণে ১৭৭ জন মানুষের হত্যাকাণ্ড ঘটেছে। যারাই এসব হত্যার সঙ্গে জড়িত, তারা যে দলেরই হোক, যে মতেরই হোক সরকারের উচিত আইনের মাধ্যমে বিচার করা। সরকার আইনশৃঙ্খলা দেখবে কোনও পার্টির রং দেখবে না। কে ক্ষমতাশালী, কে ক্ষমতাশালী নয়; কে ধনী, কে গরিব এটা বিবেচনা করবে না। তাদের উচিত কারা অপরাধ করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় বিচার করবে।

তিনি বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট, প্রথমেই জাতীয় নির্বাচন হতে হবে। একটি নির্বাচিত সরকারের অধীনে যদি স্থানীয় নির্বাচন হয় সে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাড়বে। যারা নির্বাচিত হবেন তারা দেখাবেন, নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে। ১৬-১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, সেই কারণে জাতীয় নির্বাচন আগে হওয়া বাঞ্ছনীয়। এ বিষয়ে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট।

আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সভাপতিত্বে সাংবাদিক জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় এ সময় সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফউদ্দিন বকুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।