একদিনে ৯৪৩ শিশুকে ক্রিকেট শিখিয়ে গিনেস বুকে ‘চান্স টু শাইন’

ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ড, আর ক্রিকেটপ্রেমীদের কাছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড যেন এক পবিত্র তীর্থস্থান। ঠিক সেই ঐতিহাসিক লর্ডসেই গতকাল নতুন ইতিহাস গড়ল দাতব্য সংস্থা ‘চান্স টু শাইন’। এক দিনে সবচেয়ে বেশি শিশুকে ক্রিকেট শেখানোর মাধ্যমে গড়া হলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩৫টি স্কুলের ৯৪৩ শিক্ষার্থী অংশ নেয় এই ব্যতিক্রমী আয়োজনে। শিশুদের হাতে ব্যাট-বল তুলে দিয়ে ক্রিকেটের প্রাথমিক পাঠ দেন প্রশিক্ষকেরা। এর মধ্য দিয়েই ভেঙে যায় ২০২২ সালের আগের রেকর্ড—যেখানে বার্মিংহামে ক্রিকেট শিখেছিল ৬৪৫ শিশু। এবার তা ছাড়িয়ে গিয়েছেন আরও ২৯৮ জন শিক্ষার্থী।

এই আয়োজনে শুধু অংশগ্রহণকারী শিক্ষার্থীই নয়, ছিল দর্শকদেরও উপচে পড়া ভিড়। শিশুদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন জনপ্রিয় বিবিসি শো ‘গ্ল্যাডিয়েটর্স’-এর তারকা ফিউরি। তিনিই বলছিলেন, “এখানে সব ধরনের শিশুই এসেছে। কেউ কেউ হয়তো একটু লাজুক, যেমনটা আমি ছিলাম ছোটবেলায়। তবে এই আয়োজন তাদের জন্য নতুন বন্ধু তৈরির, একসঙ্গে কাজ করার ও আত্মবিশ্বাস বাড়ানোর অসাধারণ একটা সুযোগ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারাও। মাঠেই তাঁরা নিশ্চিত করেন নতুন রেকর্ডের কথা এবং আনুষ্ঠানিকভাবে চান্স টু শাইনকে তুলে দেন স্বীকৃতির সনদ।

ইংল্যান্ডে ফুটবল জনপ্রিয়তার দিক থেকে অনেক এগিয়ে থাকলেও, জাতীয় খেলা হিসেবে ক্রিকেটকে আরও বেশি বিস্তৃত করতে নিরলস কাজ করে চলেছে ‘চান্স টু শাইন’। স্কুলশিক্ষার্থী ও তরুণদের মাঝে ক্রিকেটকে ছড়িয়ে দিতে দীর্ঘদিন ধরেই তারা আয়োজন করে আসছে নানা কর্মসূচি। আর এই বিশ্ব রেকর্ড যেন তাদের সেই প্রচেষ্টারই এক দুর্দান্ত স্বীকৃতি।