মবের মাস্টারমাইন্ড শেখ হাসিনা: ফারুক

বিএনপি মব সংস্কৃতির বিপক্ষে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, মব সংস্কৃতির শুরু করেছে কে? ইশরাকের প্রচারণায় বেগম খালেদা জিয়াকে মব সৃষ্টি করে মেরে ফেলতে চেয়েছিল মবের রানী শেখ হাসিনা। তিনিই মবের মাস্টারমাইন্ড।

আজ বুধবার (২৫ জুন) প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের এক প্রতিবাদী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাবেক সিইসি নুরুল হুদার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিসি হারুনকে কেন গ্রেপ্তার করা হয় না। যারা ১৬ বছর ধরে অন্যায় অত্যাচার করেছে তাদের কেন গ্রেপ্তার করা হয় না?, প্রশ্ন রাখেন তিনি।

ড. মো. ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি বাঙালি জাতির গর্ব। সারা দেশের মানুষ আপনার প্রতি মুখিয়ে আছে। আপনার হাত দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব তাই আপনি ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে স্বর্ণাক্ষরে আপনার নাম লেখান।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পর্কে তিনি বলেন, তারেক রহমান আপনি বাংলাদেশে যে অবিচার পেয়েছেন। আপনি সেই অবিচারে ধৈর্যধারণ করে আমাদের সাহস যুগিয়েছেন। বাংলাদেশের মানুষ আপনাকে বিজয় করার জন্য মুখিয়ে আছে।

সংগঠনের সভাপতি আলহাজ ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি যুগ্ম মহাসচিব ড. আব্দুল সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, আনোয়ার হোসেন বুলু, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির,ইসমাইল সিরাজী প্রমুখ।