রথযাত্রা ও আশুরায় সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি কমিশনার

রথযাত্রা ও আশুরায় সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সম্মানের মনোভাব বজায় রেখে একযোগে কাজ করে, এই ধর্মীয় অনুষ্ঠানগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে।

আজ বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমন্বয় সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর উন্মুক্ত আলোচনায় ঢাকা শহরে তাজিয়া ও শোক মিছিল উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সেবা সংস্থা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের মতামত ও পরামর্শ দেন।

তাজিয়া মিছিলের আয়োজকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, মিছিলের শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে। পাশাপাশি পুলিশ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, আগামী ৫ জুলাই হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তাজিয়া মিছিল শুরু থেকে ভিডিও ক্যামেরা রাখতে হবে যেন মিছিলে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে না পারে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিপিডিসি, ডেসকো, স্বাস্থ্য অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং তাজিয়া মিছিল উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।