জুলাই গণ অভ্যুত্থানে ঢাকায় নিহত এক যুবকের লাশ ১০ মাস পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রামে কবর থেকে তোলা হয়েছে।
বুধবার (২৫ জুন) বোয়ালখালীর আকুবদণ্ডী এলাকায় পারিবারিক কবরস্থান থেকে ওমর বিন নুরুল আবছার নামে ২২ বছর বয়সি এ যুবকের লাশ তুলে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার উপস্থিতিতে মরদেহ তোলা হয়।
গত বছরের আগস্টে রাজধানীর উত্তরায় ওমর বিন নুরুল আবছার (২২) গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি ঢাকায় বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। এ ঘটনায় ২১ আগস্ট ঢাকার উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের হয়।
জানা গেছে, ওই মামলায় চলতি বছরের ২৯ জানুয়ারি ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পুলিশের আবেদনের প্রেক্ষিতে ওমরের মরদেহ উত্তোলনের আদেশ দেন।
আদেশে বলা হয়, ঢাকার উত্তরা পশ্চিম থানার মামলার ভিকটিম ওমর বিন নুরুল আবছার (২২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। দেশের পারিপার্শ্বিক কারণে ভিকটিমের অভিভাবকরা সুরতহাল, ময়নাতদন্ত এবং স্থানীয় পুলিশকে অবগত না করে ওমরের মরদেহ ২০২৪ সালের ৫ আগস্ট পরিবারের লোকজন উপজেলার আকুবদন্ডী গ্রামের কবরস্থানে দাফন করেন। ফলে ভিকটিমের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত করা হয়নি। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ভিকটিম ওমরের মরদেহ কবর হতে উত্তোলনের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, ‘আদালতের নির্দেশে শহিদ ওমরের মরদেহ উত্তোলন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সুরতহাল সম্পন্ন করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আবার দাফন করা হবে।’