ইরান-ইসরায়েল ‘ক্লান্ত’ তবে সংঘাত আবার শুরু হতে পারে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন, ইরান ও ইসরায়েল উভয় পক্ষই ‘কঠিন ও সহিংস’ লড়াইয়ের পর এখন ক্লান্ত হয়ে পড়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত ভবিষ্যতে আবারও শুরু হতে পারে।

নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা আপাতত মনে করছি এই সংঘাত শেষ। আমার মনে হয় না তারা আবার একে অপরের বিরুদ্ধে লাগতে যাবে। উভয় পক্ষই খুশি।

তবে এই শান্তি স্থায়ী হবে কি না, সে বিষয়ে তিনি সন্দিহান। ট্রাম্প বলেন, এটা কি আবার শুরু হতে পারে? আমার মনে হয় কোনো একদিন হতে পারে। এমনকি শিগগিরই শুরু হতে পারে।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তখনই মূল যুদ্ধ শেষ হয়ে গেছে।

আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। আলোচনায় একটি সম্ভাব্য চুক্তি সই হতে পারে বলেও জানান তিনি।

তবে ইরানের সাথে কোনো চুক্তি প্রয়োজন আছে কিনা এ বিষয়ে কোনো মাথাব্যথা নেই বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।