স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে এর পক্ষে যুক্তি তুলে ধরেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেছেন, ‘নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে সে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে।’ গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরে রিজভী বলেন, ‘আমাদের বক্তব্য স্পষ্ট প্রথমেই জাতীয় নির্বাচন হতে হবে। একটি নির্বাচিত সরকারের অধীনে যদি স্থানীয় নির্বাচন হয় সে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে। যারা নির্বাচিত হবেন, তারা দেখাবেন যে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে। ১৬-১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। সেই কারণে জাতীয় নির্বাচন আগে হওয়া বাঞ্ছনীয়।’
তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত নানাভাবে নানা কারণে ১৭৭টি হত্যাকাণ্ড ঘটেছে। যারাই এ সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা যে দলেরই হোক, যে মতেরই হোক সরকারের উচিত আইনের মাধ্যমে তাদের বিচার করা। সরকার আইনশৃঙ্খলা দেখবে। কোনো পার্টির রং দেখবে না। কে ক্ষমতাশালী ব্যক্তি, কে ক্ষমতাশালী ব্যক্তি নয়, কে ধনী কে গরিব এটা বিবেচনা করবে না। তাদের উচিত কারা অপরাধ করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।’
অন্তর্র্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, ‘অন্তর্র্বর্তী সরকারের কাছে মানুষ আইনের শাসন প্রত্যাশা করে। আপনারা দৃষ্টান্ত রেখে যাবেন। যাতে করে নির্বাচিত সরকার এলে আপনাদের ভালো দৃষ্টান্তগুলো চিহ্নিত করে আরও ভালো কিছু করার চেষ্টা করে। কেন এই সময়ে এসে এত খুন জখম হবে, কেন এত ডাকাতি, চুরি হত্যাকাণ্ড ঘটবে এসব বিষয়ে অন্তর্র্বর্তী সরকারকে আরও বেশি তৎপর হতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফউদ্দিন বকুল প্রমুখ।