ছয় মাসে বিচারবহির্ভূত ১৫ মৃত্যু : আসক

দেশে চলতি বছরের প্রথম ছয় মাসে কমপক্ষে ১৫টি বিচারবহির্ভূত মৃত্যুর ঘটনা ঘটেছে, এমন তথ্য জানিয়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলছে, এসব ঘটনার বেশিরভাগেরই স্বাধীন তদন্ত হয়নি। আজ ২৬ জুন ‘আন্তর্জাতিক নির্যাতনবিরোধী’ দিবস উপলক্ষে গতকাল বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানায় আসক। বিবৃতিতে দিবসটি উপলক্ষে বিচারবহির্ভূত হত্যা, গুম, বেআইনি আটক, হেফাজতে মৃত্যু, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অমানবিক ও অবমাননাকর আচরণ বন্ধে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় আসক।

এতে বলা হয়, ১৯৯৮ সালে বাংলাদেশ জাতিসংঘের ‘নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর আচরণ বা দণ্ডের বিরুদ্ধে কনভেনশন (সিএটি)’ অনুস্বাক্ষর করলেও বাস্তবায়নের ক্ষেত্রে এখনো চরম ঘাটতি রয়ে গেছে। বিচারবহির্ভূত হত্যা, গুম ও হেফাজতে নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিচারিক প্রক্রিয়ার অনুপস্থিতি উদ্বেগজনক।

আসকের মতে, ‘নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩’-এর সঠিক ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নির্যাতনের প্রতিটি অভিযোগের ক্ষেত্রে স্বাধীন, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার দাবি জানায় সংস্থাটি। একই সঙ্গে তদন্ত শেষে সংশ্লিষ্ট দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও আইনি সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে আসক।

বিবৃতিতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডে জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন পর্যবেক্ষণ ও মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়।