২০০১ সালের নির্বাচনী সীমানা চায় বিএনপি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুরনো সীমানা পুনর্বহালের দাবি জানিয়েছেন বিএনপির জেলা পর্যায়ের নেতারা। তাদের অভিযোগ, বর্তমান সীমানা বিভাজন অনেক আসনে জনমতকে প্রভাবিত করছে এবং নির্বাচনী ভারসাম্যহীনতা সৃষ্টি করছে। এ সময় তারা ২০০১ সালের নির্বাচনী সীমানা ফেরত আনার আহ্বান জানান।

গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এ দাবি জানানো হয়। একই সময় নির্বাচন কমিশনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে কুমিল্লার প্রতিনিধি বিএনপির সাবেক সাংসদ উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, ‘১৯৮৬ থেকে ২০০১ পর্যন্ত যেভাবে নির্বাচনী আসন ছিল, আপনারা সেভাবে পুনর্বহাল করেন, এটা আমাদের সার্বজনীন দাবি।’ বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, ‘২০০১ সালে যেভাবে নির্বাচন হয়েছে, যেভাবে আমরা আসনভিত্তিক নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, এবারও ঠিক সেভাবে এলাকাভিত্তিক আসনগুলো যেন পুনর্বিন্যাস করা হয়। এ ব্যাপারে সিইসি ও নির্বাচন কমিশনার, সচিবের সঙ্গে কথা বলেছি। তারাও আশ্বস্ত করেছেন।