রাবিতে হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের ছাদ থেকে পড়ে গিয়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৫ জুন) রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রথম ব্লকে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম সাদ আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।শিক্ষার্থীর ফেসবুক প্রোফাইল ঘেটে দেখা গেছে, ছাদ থেকে পড়ে যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে প্রেমঘটিত একাধিক পোস্ট দিয়েছেন। তার সর্বশেষ পোস্ট ছিল, ‘ভালোবাসি লিসা’।

প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান, ছাদ থেকে চিৎকার দিয়ে ওই শিক্ষার্থী পড়ে যায়। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন ছাদ থেকে লাফ দিয়ে তিনি 'আত্মহত্যার' চেষ্টা করেছেন।

সাগর চন্দ্র দাস নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি কক্ষে পড়ছিলাম। এমন সময় আমার কক্ষের সামনের দিকে একজন ছাদ থেকে চিৎকার দিয়ে পড়ে গেল এমন মনে হলো। এসে দেখি তার পা মাটির ভেতরে চলে গেছে। ব্যথা অনুভব করার পর সে বুকে ব্যথা ও পা কেটে ফেলতে বলছিল। পরে শিক্ষার্থীরা তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ঘটনাটি শোনামাত্রই সেখানে অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার পায়ে একাধিক জায়গায় ফ্র‍্যাকচার ও বুকে আঘাত লেগেছে। চিকিৎসক বেশকিছু এক্স-রে দিয়েছেন। রিপোর্ট আসলে পরিস্থিতি জানা যাবে।