এইচএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে চলছে, ফল প্রকাশেও বিলম্ব হবে না: উপদেষ্টা আবরার

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময় ও নিয়ম মেনে, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, ফল প্রকাশে যাতে কোনো ধরনের বিলম্ব না ঘটে, সে বিষয়েও প্রয়োজনীয় নজর রাখা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ এবং সরকারি বাঙলা কলেজে পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আবরার জানান, পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই দেশের প্রতিটি কেন্দ্রে একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়েছে এবং নির্ধারিত নিয়মে পরীক্ষা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় এই পরিবেশ নিশ্চিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘সরকার নকল প্রতিরোধ ও প্রশ্নফাঁসের গুজব মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এখন পর্যন্ত কোথাও এমন কোনো সমস্যা দেখা দেয়নি।’

পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। আগামী ১০ আগস্ট পর্যন্ত চলবে এই পর্ব। চলতি বছর পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।