বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা ক্রিকেটাররা কে কোথায়?

মর্যাদাপূর্ণ টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূরণ করে ফেলল বাংলাদেশ। ২০০০ সালে আজকের দিনেই খবর এসেছিল বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির। ৯টি টেস্ট খেলুড়ে দেশের ভোটে টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে দশম সদস্য হিসেবে যোগ দেয় বাংলাদেশ। ওই বছরের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নামে টিম টাইগার। এই মহেন্দ্রক্ষণে দেখে নেওয়া যাক, সেই অভিষেক টেস্ট খেলা ক্রিকেটাররা কে কোথায় আছেন।

নাঈমুর রহমান দুর্জয়: বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক দুর্জয় ক্রিকেট থেকে অবসরের পর বিসিবির বিভিন্ন দায়িত্বে ছিলেন। এছাড়া ছিলেন বিগত সরকারের সংসদ সদস্য। ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের বাকিদের মতো তিনিও আড়ালে আছেন।

আকরাম খান: সাবেক এই অধিনায়ক অবসরের পর বিসিবির প্রধান নির্বাচক ছিলেন। পরে বিসিবির পরিচালকও হয়েছিলেন। ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। বর্তমানে তিনি বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তার নিজস্ব সাপ্লাই চেইনের ব্যাবসায়িক প্রতিষ্ঠান আছে।

আমিনুল ইসলাম বুলবুল: দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল এখন বিসিবির সভাপতি। ভারতের বিপক্ষে সেই টেস্ট ম্যাচে খেলেছিলেন ১৪৫ রানের ইনিংস। ক্রিকেট থেকে অবসরের পর আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভলপমেন্টের দায়িত্বে ছিলেন। সেই চাকরি ছেড়ে গত মাসে তিনি বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

হাবিবুল বাশার: ‘মি ফিফটি’ খ্যাত সাবেক এই অধিনায়ক দীর্ঘদিন জাতীয় দলের নির্বাচক ছিলেন। পরে নারী দলের অপারেশন্সের দায়িত্ব সামলে এখন বিসিবির নারী ক্রিকেটের প্রধান হিসেবে কর্মরত আছেন।

মোহম্মদ রফিক: বাংলাদেশের জার্সিতে দীর্ঘসময় খেলা কিংবদন্তি এই স্পিনার অবসর গ্রহণের পর কোচিং শুরু করেন। বিভিন্ন সময় বিসিবির কোচ হওয়ার কথা বললেও সেটা বাস্তবে দেখা যায়নি। বর্তমানে ঘরোয়া লিগ বিপিএলে নিয়মিত কোচিং করিয়ে যাচ্ছেন। সেইসাথে নিজ শহর কেরানীগঞ্জে আছে শিট-এর ব্যাবসা।  

খালেদ মাসুদ পাইলট: সাবেক এই উইকেটকিপার-ব্যাটার ক্রিকেট থেকে অবসরের পর কোচিংয়ে যুক্ত হয়েছেন। রাজশাহীতে তার একটি রেস্টুরেন্ট আছে। এছাড়া নিজের বাগানবাড়ীর দেখাশোনা করেন ও ক্রিকেট অ্যাকডেমি পরিচালনা করেন।

আল শাহরিয়ার রোকন: বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল ওপেনার রোকন ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর পাড়ি জমান প্রবাসে। বর্তমানে পরিবার নিয়ে নিউজিল্যান্ডের নেপিয়ারে থাকছেন। টুকটাক কোচিংয়েও যুক্ত আছেন।

মেহরাব হোসেন অপি: দেশের অভিষেক টেস্টে খেলা অপি দেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ানও বটে। ক্রিকেট থেকে অবসরের পর কোচিং ক্যারিয়ার শুরু করেন। বর্তমানে বিসিবির বয়সভিত্তিক পর্যায়ের কোচ ও নির্বাচক হিসেবে কাজ করছেন। সেই সঙ্গে বিপিএলের বিভিন্ন দলের ম্যানেজারও হয়েছিলেন।

শাহরিয়ার হোসেন বিদ্যুৎ: বাংলাদেশের টেস্ট ক্রিকেটে শুরুর যাত্রায় প্রথম বল খেলা বিদ্যুৎ এখন পুরোদস্তুর ব্যবসায়ী। নারায়ণগঞ্জের এই ক্রিকেটার ক্যাবল ও টেক্সটাইল ব্যবসায় জড়িত। সেইসঙ্গে এছাড়া নারায়ণগঞ্জে তার ক্রিকেট একাডেমিও আছে। বিসিবির বিভিন্ন প্রোগ্রামেও তাকে মাঝেমধ্যে দেখা যায়।

হাসিবুল হোসেন শান্ত: ছক্কা মারার জন্য জনপ্রিয় ছিলেন হাসিবুল হোসেন শান্ত। ক্রিকেট ছাড়ার পর অনেকদিন খেলাটি থেকে দূরে ছিলেন। শেষ পর্যন্ত ক্রিকেট জগতেই ফিরেছেন। বর্তমানে তিনি বিসিবির অনূর্ধ্ব-১৪, ১৫ পর্যায়ে নির্বাচক হিসেবে কাজ করছেন।

বিকাশ রঞ্জন/মাহমুদুর রহমান: ক্রিকেট থেকে অবসরের পর তিনি ধর্ম পরিবর্তন করেন। নতুন পরিচয়ে বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন সাবেক এই ক্রিকেটার।

রাজিন সালেহ: বাংলাদেশের অভিষেক টেস্টে দ্বাদশ খেলোয়াড় ছিলেন রাজিন। ক্রিকেট ছাড়ার পরে পুরোদস্তুর কোচিংয়ে যুক্ত হয়েছেন। বিপিএল–ডিপিএলসহ ঘরোয়া প্রতিযোগিতার সব লিগে তার সরব উপস্থিতি আছে। বর্তমানে বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন।