ব্রাহ্মণবাড়িয়ায় চালের দামে হেরফের, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা খাদ্য অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৫ জুন) জেলার আনন্দবাজার এলাকার বিভিন্ন চালের পাইকারি দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। 
 
এই আভিযান চলাকালে আনন্দ বাজারের মেসার্স শামীম ট্রেডার্স ও মোশারফ ট্রেডার্স নামের দুইটি দোকানে অস্বাভাবিক হারে চালের মূল্য বাড়িয়ে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি প্রতিষ্ঠান দুটি চাল মজুদের পক্ষে সুনির্দিষ্ট কাগজপত্র, যেমন ক্রয়-বিক্রয়ের ভাউচার, দেখাতে ব্যর্থ হয়। দোকানগুলোতে চাল কতদিন ধরে মজুদ রয়েছে, সে সম্পর্কেও তারা কোনো বৈধ ব্যাখ্যা দিতে পারেনি। এ ধরনের অনিয়মের অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, মেসার্স শামীম ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং মোশারফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে চাল বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়েছে। তিনি আরও জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অভিযানের সাথে আরও নেতৃত্ব দেন অভিযানে জেলা খাদ্য বিভাগের পরিদর্শক রামিম পাঠান, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম শাহীন এবং ৫ আনসার ব্যাটালিয়নের একটি টিম অংশ নেয়।