বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘নিজেদের নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে পাঠাবেন না, বরং যে স্বৈরাচার হাসিনাকে আপনারা অবৈধভাবে আদর-আপ্যায়ন করে রেখেছেন, তাকেই পুশইন করুন।’
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
‘বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করা হচ্ছে’— এমন অভিযোগ তুলে শামসুজ্জামান দুদু বলেন, ‘শুধু শেখ হাসিনা নয়। বাংলাদেশের নাগরিক যারা টাকা চুরি করে আপনার দেশে পালিয়ে আছে তাদেরকেও পুশইন করুন।’
তিনি বলেন, ‘ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করলেও গত ৫০-৫৫ বছরে বন্ধুসুলভ আচরণ আমরা পাইনি। যা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক। আমাদের তিস্তা নদীতে পানি নেই, পানি চুক্তিও নেই। ৫০ বছর ধরে ভারত শুধু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু চুক্তি করেনি।’
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তা-ও মর্মান্তিক। প্রতিদিন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করছে ভারত সরকার। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছেন, বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশের নাগরিক বানিয়ে দেওয়া হচ্ছে।’
সাধারণ জনগণের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘সবচেয়ে বড় হত্যাকারী হচ্ছে শেখ হাসিনা। তাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনতে হবে। ভারত যে অন্যায় করছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের দপ্তর সম্পাদক এস কে সাদী, সংগঠনটির সাধারণ সম্পাদক জুয়েল প্রমুখ।