হাঁটুর অস্ত্রোপচারের সময় আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু

ফুটবলে চোটাঘাত খুবই স্বাভাবিক ঘটনা। সকল ফুটবলারই ক্যারিয়ারের কোনো না কোনো সময় চোটে পড়েন। সেসব চোটের মধ্যে খুব কমন হলো হাঁটুর চোট। বিশ্বজুড়ে প্রতিদিন কত অ্যাথলেটের হাঁটুতেই অস্ত্রোপচার হচ্ছে। কিন্তু সেই অস্ত্রোপচারই এবার আর্জেন্টিনার সম্ভাবনাময় এক ফুটবলারের জীবন কেড়ে নিল।

আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ক্লাব সান তেলমোর ১৮ বছর বয়সী মিডফিল্ডার কামিলো নুইন হাঁটুর অস্ত্রোপচারের সময় মারা গেছেন। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। কামিলোর স্মরণে একদিনের জন্য ক্লাবের নিয়মিত কার্যক্রম বন্ধের পাশাপাশি শোক প্রকাশের নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, কামিলো মেনিস্কাল ও ক্রুসিয়েট লিগামেন্টের ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন। এ কারণেই তার হাঁটুতে অস্ত্রোপচার করা হচ্ছিল। কিন্তু হাঁটুর অস্ত্রোপচারের সময় কামিলো কীভাবে মারা গেলেন- সে বিষয়ে তার ক্লাব কিংবা স্থানীয় কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। তদন্ত শেষে তার মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত জানানো হবে।

কামিলোর মৃত্যুতে শোক প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে দেশটির বিভিন্ন ক্লাব। ২০২২ সালে সান তেলমোতে নাম লিখিয়েছিলেন এই মিডফিল্ডার। এর আগে তিনি ফুটবলার হিসেবে গড়ে উঠেছেন আর্জেন্টাইন জায়ান্ট বোকা জুনিয়র্স ও ইন্দিপেন্দিয়েন্তের একাডেমিতে।