এবার জিডিপির গ্রোথ কম: এনবিআর চেয়ারম্যান

চলতি বছরের জুলাই থেকে আগামী অর্থবছরের ব্যক্তিগত আয়কর রিটার্ন অনলাইনে দেওয়া যাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, গত বছরের সেপ্টেম্বরে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন। আগেভাগে শুরু করা এই পদক্ষেপের লক্ষ্য সময়মতো আয়কর রিটার্ন দাখিল করতে উৎসাহিত করা এবং কর সম্মতি প্রক্রিয়া সহজ করা।

আজ বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে ‘প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও ভ্যাট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়ুথ পলিসি নেটওয়ার্ক এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা।

আবদুর রহমান খান বলেন, জুন মাস শেষ হচ্ছে। প্রতিমুহূর্তে আমি কর আদায়ের পরিস্থিতি দেখি। গতকাল পর্যন্ত ৩ লাখ ৫৩ হাজার কোটি টাকার কর আদায় হয়েছে। এবার আমাদের জিডিপির গ্রোথটা কম। এবার গতবারের চেয়ে সিগনিফিকেন্ট গ্রোথ হবে আশা করছি।

এ সময় তিনি কর ব্যবস্থায় স্বেচ্ছায় সম্মতি এবং স্বচ্ছতা বৃদ্ধির জন্য ডিজিটাল অবকাঠামো এবং করদাতাদের পরিষেবা বৃদ্ধির জন্য এনবিআরের চলমান প্রচেষ্টার কথাও তুলে ধরেন।

এনবিআর কর্মীদের চলমান আন্দোলন প্রসঙ্গে আবদুর রহমান বলেন, এনবিআর সংস্কারে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে তা নিয়ে আমাদের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে অনেক দ্বিমত এসেছে। সেগুলো অ্যাড্রেস করে জুলাই মাসের মধ্যে একটা এমেন্ডমেন্ট করার ঘোষণা আমাদের অর্থ উপদেষ্টা দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা সবাই দেশের স্বার্থে কাজ করি। আমাদের দেশের স্বার্থ নিয়ে চিন্তা করা উচিত। সংস্কার, যে কোনো আইন করি, আন্দোলন করি, যা কিছু করি প্রত্যেকটাই আমাদের নিজেদের জন্য না হয়ে দেশের স্বার্থে হওয়া উচিত। ছোট ভাইবোনেরা যারা জুলাই বিপ্লবের মাধ্যমে যে স্পিরিট আমাদের মধ্যে এনেছে তা ধরে রেখে সবাই মিলে কাজ করলে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।