কোচ স্তেফানো পিওলিকে বরখাস্ত করার ঠিক পরদিনই সামনে এলো খবর—ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাবেই থাকছেন, এবং নতুন চুক্তি করতে যাচ্ছেন।
বিশ্বখ্যাত ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো ফেসবুক পেজে জানিয়েছেন, “রোনালদো আল-নাসরের সঙ্গে নতুন চুক্তির প্রস্তুতি নিচ্ছেন। কাগজপত্র যাচাই চলছে, চুক্তির মেয়াদ এক বা দুই বছর হতে পারে।”
রোনালদো আজ সোশাল মিডিয়ায় নতুন ছবি পোস্ট দিয়ে লিখেছেন, “নতুন অধ্যায়ের শুরু। একই আবেগ, একই স্বপ্ন। চলুন একসঙ্গে ইতিহাস গড়ি।'
পিওলির বিদায়ের পেছনে রোনালদোর প্রভাব নিয়ে আগেই গুঞ্জন ছিল। মে মাসে সৌদি সংবাদমাধ্যম ওকাজ স্পোর্টস জানায়, রোনালদো ক্লাবের পারফরম্যান্সে হতাশ ছিলেন এবং বড় পরিবর্তনের দাবি করেছিলেন—যার মধ্যে ছিল কোচের ছাঁটাইও। সেই দাবি পূরণের ২৪ ঘণ্টার মধ্যে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে তৈরি অনিশ্চয়তার অবসান ঘটে। এখন পরিষ্কার, ক্লাবের পরিকল্পনায় মূল ভূমিকায় থাকছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই পর্তুগিজ সুপারস্টার।
২০২৩ সালের জানুয়ারিতে আল-নাসরে যোগ দেওয়ার পর রোনালদো এখন পর্যন্ত কেবল একটি শিরোপা জিতেছেন—২০২৩ আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ। চলতি মৌসুমে ক্লাবটি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও সৌদি প্রো লিগে শিরোপার দৌড়ে ব্যর্থ হয়, যার ফলে সমালোচনার মুখে পড়েন সদ্য বরখাস্ত হওয়া কোচ পিওলি।
তবে কোচের বিদায়ে রোনালদো কাঁধ ঝাঁকিয়ে দায়িত্ব নিচ্ছেন নতুন করে। কোচকে বিদায়ী বার্তায় তিনি লেখেন, “সবকিছুর জন্য ধন্যবাদ।” এই এক বাক্যে ফুটে উঠেছে একজন নেতার মতো আচরণ, যেখানে শ্রদ্ধা ও পেশাদারিত্ব পাশাপাশি হাঁটে।
নতুন চুক্তি অনুযায়ী রোনালদো ২০২৭ সাল পর্যন্ত আল-নাসরের জার্সি গায়ে চাপাতে পারেন, অর্থাৎ এখানেই তার ক্যারিয়ারের ইতি টানার সম্ভাবনা জোরালো। কোচ বদল, চুক্তি নবায়ন—সব মিলিয়ে ক্লাবের ভেতরে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, যার কেন্দ্রবিন্দুতে আছেন রোনালদো।