বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলোচনার চেয়ে খাওয়া-দাওয়া বেশি হচ্ছে। তবে আমরা মনে প্রাণে বিশ্বাস করি চূড়ান্তভাবে আমরা একটি ঐকমত্যে পৌঁছাতে পারব।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। নাগরিক ঐক্যের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের বীজ রোপিত হয়েছিল বিএনপির যুগপৎ আন্দোলনের মধ্যদিয়ে। আমরা জানতাম এই স্বৈরাচার পতন হবেই, তবে সেটা ঠিক কখন, কীভাবে এবং কোন পন্থায় ঘটবে- সেটা আমাদের জানা ছিল না।
তিনি বলেন, দশ বছরের বেশি কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারবেন না- এই প্রস্তাবে বিএনপি সম্মত হয়েছে। এখান থেকেই ফ্যাসিবাদ প্রতিহত করার সূচনা হয়েছে। এখন প্রয়োজন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। কারণ, একটি স্বাধীন বিচার বিভাগই পারে গণতন্ত্রের প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। গণমাধ্যমকর্মীরা যেন মালিকের নয়, বিবেকের পক্ষ থেকে কাজ করেন, তা নিশ্চিত করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বিএনপি রাজনৈতিক দল হিসেবে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।