সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে প্রতিটি সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। পাশাপাশি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটির গঠনের কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ এ কথা বলেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম। শিশু একাডেমি সাতক্ষীরার শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম এর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অধ্যাপক মোজাম্মেল হক, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন ইমু প্রমুখ।
জেলা প্রশাসক আরও বলেন, আমরা বসে থাকতে আসিনি। আর জীবনটা বসে থাকার জন্য না, কাজ করার জন্য। শুধু টাকার জন্য চাকরি করলে হবে না, ভালো কাজ করতে হবে। আপনারা প্রতিটি সরকার প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক থেকে শুরু করে সব প্রতিষ্ঠানের সব কর্মীর ডোপ টেস্ট করবেন। প্রতিষ্ঠানগুলো টেস্ট করে আমাকে রিপোর্ট দেবেন।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, পুরো জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। এজন্য মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি, পরিবার ও সমাজকে মাদকের বিরুদ্ধে সকলকে এগিয়ে আসতে হবে। এসময় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, স্বাস্থ্য ও মানবিক সংকটে মাদকের চ্যালেঞ্জের প্রভাবের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং কুইজের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।