চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ইজারা, রাখাইনে করিডর প্রতিষ্ঠা এবং ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত গোপন চুক্তি প্রকাশের দাবিতে আজ থেকে ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ শুরু হচ্ছে। বামপন্থি, গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠনগুলোর উদ্যোগে এই কর্মসূচিতে ৫০টির বেশি সংগঠন অংশ নিচ্ছে।
দুই দিনব্যাপী এই রোড মার্চ আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে শুরু হবে। এরপর মিছিল নারায়ণগঞ্জ, সোনারগাঁও, চান্দিনা ও কুমিল্লা হয়ে ফেনী পৌঁছাবে। আগামী ২৮ জুন ফেনী থেকে যাত্রা শুরু করে চট্টগ্রাম বন্দরের সামনে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার পরিকল্পনা জাতীয় স্বার্থের পরিপন্থী। এ ছাড়া, রাখাইনে মানবিক করিডর প্রতিষ্ঠার নামে ভূ-রাজনৈতিক স্বার্থে বাংলাদেশকে জড়িয়ে ফেলার আশঙ্কা রয়েছে, যা দেশের নিরাপত্তার জন্য হুমকি।
এ ছাড়া, মার্কিন কোম্পানি স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর অনুমতি এবং তুরস্ক ও কাতারের সঙ্গে সামরিক শিল্পে সহযোগিতার উদ্যোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এসব পদক্ষেপ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করেন আয়োজকরা।