মিয়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ৪৩০ বস্তা ইউরিয়া সার ও ৬০০ বস্তা আলুসহ ১৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকেল ৫টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্র্তৃক চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙরে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকায় কোস্ট গার্ড আভিযানিক দল দুটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে প্রায় ১৬ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলু, ৪০ লিটার লুব অয়েল ও দুটি হ্যামকো ব্যাটারিসহ ১৩ জন পাচারকারীকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামাল, আটককৃত পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত বোট সদরঘাট নৌ-পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজ্ঞপ্তি