ক্লাব বিশ্বকাপে নিজেদের সেরা পারফর্মেন্সটাই দেখিয়ে দিল রিয়াল মাদ্রিদ। অনেকদিন পর ভিনিসিয়ুস জুনিয়রকে দেখা গেল চেনা ছন্দে। নিজে গোল করার পাশাপাশি একটি গোলে অ্যাসিস্টও করেছে। রেড বুল সালসবুর্ককে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে রিয়াল। আগামী মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে তাদের প্রতিপক্ষ জুভেন্টাস।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচটির শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে রিয়াল মাদ্রিদ। বেশ কয়েকটি সুযোগ হারনোর পর ৪০তম মিনিটে রিয়াল এগিয়ে যায় ভিনিসিউসের গোলে। নিজেদের অর্ধ থেকে বেলিংহ্যামের অসাধারণ পাস পেয়ে এগিয়ে গিয়ে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বক্সের বাইরে থেকেই গড়ানো শটে গোল করেন ব্রাজিলিয়ান তারকা।
দলের দ্বিতীয় গোলেও ভিনিসিউসের বড় অবদান ছিল। গিলেরের থেকে বল পেয়ে বিপজ্জনকভাবে বক্সে ঢুকে যান ভিনি। নিজে গোলপোস্টে শট না নিয়ে হুট করে আলতো ব্যাক হিল করে বল দেন ভালভার্দেকে। গোল করতে ভুল করেননি এই মিডফিল্ডার। ম্যাচের ৮৪তম মিনিটে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের বাড়ানো বল থেকে তৃতীয় গোলটি করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন গঞ্জালো গার্সিয়া।