বাগেরহাটের মোল্লাহাট থেকে চারটি বিদেশি পিস্তল, গুলিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতুর টোলপ্লাজায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র গুলিসহ তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
আজ শুক্রবার সকালে ডিবি পুলিশের এসআই বিপ্লব কুমার রায় বাদী হয়ে অস্ত্র আইনে ১১ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় একটি মামলা করেছেন। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তাদের কাছ থেকে সেভেন পয়েন্ট সিক্সটু এমএম চারটি চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয়টি তাজাগুলি উদ্ধার করা হয়।
তারা হলেন- ঝিনাইদহ জেলার মহেলপুর উপজেলার কানাইডাঙা গ্রামের কদম আলী মোল্লার ছেলে কাউসার আলী (৪৩), একই গ্রামের আব্দুল মবিনের ছেলে মো. আতাউর রহমান (৩০), ধান্যহাড়িয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আবুল হোসেন (৪৩), একই গ্রামের নুরুল ইসলামের ছেলে ইমদাদুল হক (৩১), একই গ্রামের নুর আলমের ছেলে মাসুম পারভেজ (২২), গয়েশপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে জনি মিয়া (২৭), উপজেলার জেলার হরিণাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মো. আতাউর রহমান (৩০), একই উপজেলার সাবেকবিন্দু গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো. খোকন বিশ্বাস (৪৫), একই গ্রামের আনিসুর রহমানের ছেলে সেলিম শাহ (৩১), সড়াবাড়ি গ্রামের আবুল বাসার মন্ডলের ছেলে খোকন মিয়া (৩৫) এবং ঝিনাইদহ সদর উপজেলার অধীর চন্দ্র দাসের ছেলে প্রসেনজিত দাস (২৮)।
বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ সাংবাদিকদের বলেন, পুলিশের কাছে গোপণ সংবাদ আসে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে ছেড়ে আসা একটি মাইক্রেবাসে কিছু লোক অস্ত্রসহ বাগেরহাটের ওপর দিয়ে যাচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতুর টোলপ্লাজায় অবস্থান নেয়। মাইক্রোবাসটি পৌঁছলে ডিবি পুলিশ তাদের গতিরোধ করে তাতে তল্লাশি চালিয়ে প্রথমে এগারোজনকে আটক করে পরে তাদের কাছ থেকেসেভেন পয়েন্ট সিক্সটু এমএম চারটি চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয়টি তাজাগুলি উদ্ধার করা হয়। এই ব্যক্তিরা কোথায় কি ধরনের অপরাধ সংগঠিত করতে যাচ্ছিল তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া ঝিনাইদহে তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ আছে কিনা তা পুলিশ তদন্ত করবে।