ব্যাট হাতে লিটন কুমার দাসের ধারাবাহিকতার অভাব নতুন কিছু নয়। এ নিয়ে নিয়মিতই সমালোচনা হয়। তবে কিপার লিটনের প্রশংসা না করার সুযোগই নেই। উইকেটের পেছনে এতদিন যে রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের, এবার সেটা নিজের করে নিয়েছেন লিটন।
গল টেস্টে লিটন দাস ছুঁয়ে ফেলেছিলেন মুশফিকের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড। গতকাল বৃহস্পতিবার বিকালে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে রেকর্ডটি একবারে নিজের করে নেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার। অভিজ্ঞ মুশফিক ৯৯ ইনিংসে কিপিং করে ১১৩টি ডিসমিসালের মালিক হয়েছেন। তাকে টপকে যেতে লিটনের লেগেছে ৫০ টেস্টের ৬৫ ইনিংস।
১১৪টি ডিসমিসালের মধ্যে লিটন ক্যাচ নিয়েচেন ৯৯টি আর স্টাম্পিং করেছেন ১৫টি। বাংলাদেশি কিপারদের মাঝে এই তালিকায় তিনে আছে খালেদ মাহমুদ (৮৭), চারে নুরুল হাসান সোহান (৬১) এবং পাঁচে জাকের আলী (৯)। টেস্ট ক্রিকেটে লিটন আছেন ৪৬ নম্বরে। গল টেস্টে প্রথম ইনিংসে উইকেটের পেছনে ৪টি ক্যাচ ধরেন লিটন, যা এক ইনিংসে তার সর্বোচ্চ ডিসমিসাল।
উল্লেখ্য, লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি উইকেটকিপার মার্ক বাউচারের (৫৫৫টি)। দুইয়ে আছেন অজি কিংবদ্ন্তি অ্যাডাম গিলক্রিস্ট (৪১৬)। এখনও ক্রিকেট খেলছেন এমন খেলোয়াড়দের মাঝে সবচেয়ে এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি (১৭০টি)। এই রেকর্ডে সব মিলিয়ে তার অবস্থান ২৭ নম্বরে।