৩০ ঘণ্টা পর ভেসে উঠল নিখোঁজ মৎস্যজীবীর লাশ

নিখোঁজ মৎস্যজীবী সৌখিন খানের (২৭) লাশ ৩০ ঘণ্টা পর ভেসে উঠলো। শুক্রবার (২৭ জুন) সকালে পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া খেয়াঘাট এলাকা থেকে সৌখিনের লাশ উদ্ধার করা হয়। মহম্মদপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, নিখোঁজ সৌখিন খানের লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গত বুধবার রাত আড়াইটার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা এবং মাগুরা জেলার মহম্মদপুর সীমান্তবর্তী মধুমতী নদীতে মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষ মৎস্যজীবী মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের মৃত সোলেমান মোল্যার ছেলে জব্বার মোল্যার (৩৭) হাতে থাকা বৈঠার আঘাতে নদীতে পড়ে নিখোঁজ হন সৌখিন খান। পরদিন বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়েও নিখোঁজ মৎস্যজীবীর সন্ধান পায়নি।