নিজ দেশের সরকার উৎখাত ও ‘উগ্রবাদী’ সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির সেলাঙ্গর ও জোহর রাজ্যে গত ২৪ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী অভিযানে তাদের আটক করা হয়।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এক বিবৃতিতে বলেন, গ্রেপ্তার ৩৬ জনের মধ্যে পাঁচজনকে সন্ত্রাসবাদের সঙ্গে সরাসরি জড়িত বলে চিহ্নিত করা হয়েছে।
শাহ আলম ও জোহর বাহরুর দায়রা আদালতে এই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বাকিদের মধ্যে ১৫ জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের আদেশ এবং বাকি ১৬ জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত চলছে বলে জানান সাইফুদ্দিন।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আটক বাংলাদেশিদের ওই দলটি আইএসের মতাদর্শ নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করে। সেই মতাদর্শ মালয়েশিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য সেল গঠন করেছিল বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে।
এই সেলগুলোর মাধ্যমে উগ্র মতাদর্শে উদ্বুদ্ধ করার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ এবং নিজ দেশের বৈধ সরকারকে উৎখাতের পরিকল্পনায় কাজ করছিল বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, মালয়েশিয়াকে কোনো বিদেশি উগ্রবাদী গোষ্ঠীর আশ্রয়স্থল বা তাদের কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে মালয় সরকার কোনো ধরনের আপস করে না, এই পদক্ষেপ তারই প্রমাণ।
এই অভিযানে ‘পেশাদারত্ব ও দক্ষতার সঙ্গে’ কাজ করার জন্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রশংসা করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোয়েন্দা সক্ষমতা আরও জোরদার করার পাশাপাশি আইন প্রয়োগের তৎপরতা বাড়াবে।