নিজ দলের নেতাকে মারধরের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শুক্রবার এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের সই করা এক নোটিশে তাকে সাময়িক অব্যাহতি দিয়ে শোকজ করা হয়।
নোটিশে বলা হয়ে, আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে। এমতাবস্থায় শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আপনাকে দলের প্রাথমিক পদসহ সকল দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
একইসঙ্গে, কেন সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
জানা যায়, বুধবার রাতে জেলা সমন্বয় কমিটির নেতারা প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলামের রেস্তোরাঁয় বসেছিলেন। এ সময় নাহিদুল ইসলাম ও ফিরোজ আলমের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে নাহিদুল ইসলাম উঠে গিয়ে ফিরোজ আলমের বুকে লাথি মারেন। এরপর জেলার প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলামসহ অন্য নেতারা তাকে আটকান। পরে নাহিদুল সেখান থেকে চলে যান। এরপর ফিরোজ আলম অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। ফিরোজ রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী।