সিলেট সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গাসহ ৩১ জনকে পুশইন

সিলেটের জৈন্তাপুর উপজেলার দুইটি সীমান্ত পথ দিয়ে ১৪ জন রোহিঙ্গাসহ ৩১ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার ভোরে এই পুশইনের ঘটনা ঘটে।

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা এই ৩১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবিসূত্র জানায়, বৃহস্পতিবার রাতে জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্ত এলাকা দিয়ে ১৪ জন রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) আওতাধীন টহলদল সীমান্তসংলগ্ন বাগছড়া এলাকা থেকে তাদেরকে আটক করে।

এদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৬ শিশু রয়েছে।

বিজিবি জানায়, এরা সবাই মিয়ানমারের নাগরিক। কক্সবাজার শরনার্থী ক্যাম্প থেকে তারা পালিয়ে ভারতে গিয়েছিলেন। সেখানকার পুলিশ তাদেরকে আটক করে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার জানান, আটক রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাঠানো হয়েছে।

এদিকে শুক্রবার ভোরে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে ১৭ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ। বিজিবি তাদেরকে আটক করে জৈন্তাপুর থানায় হস্তান্তর করে। আটকদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। এদের বাড়ি কুড়িগ্রামের বিভিন্ন এলাকায়।

বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষায় ও পুশইন ঠেকাতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।