মনিরামপুরে বসতঘরে ৪৭টি বিষধর সাপ উদ্ধার

যশোরের মনিরামপুর উপজেলায় একটি বসতবাড়ি থেকে ৪৭টি জীবিত বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাহিরঘরিয়া গ্রামের মণ্ডলপাড়ায় রবিন মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে একাধিক সাপ চলাচল করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরদিন সকালে অভয়নগর উপজেলার আড়পাড়া গ্রামের সাপুড়েকে খবর দেওয়া হয়।

সকাল ৮টার দিকে সাপুড়ে বাড়িতে এসে সাপ ধরার কাজ শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর বসতঘরের বিভিন্ন কোণ ও মাটির গর্ত থেকে একে একে ৪৭টি বিষধর সাপ জীবিত অবস্থায় ধরতে সক্ষম হন তিনি।

বাড়ির মালিক রবিন মণ্ডল জানান, “রাতে ঘরের মধ্যে সাপ দেখে পরিবারের সবাই আতঙ্কে ছিলেন। রাতজেগে কাটানোর পর সকালে সাপুড়ে ডেকে এনে সাপগুলো ধরানো হয়।”

এ ঘটনায় পরিবার ও আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, সাপগুলো কোথা থেকে এলো, তা নিশ্চিত নয়।