‘তারেক রহমান আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের সফল রূপকার’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমান আওয়ামী ফ্যসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের সফল রূপকার। যে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা জনতার তাড়া খেয়ে পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে।

শুক্রবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের পাগলপাড়ায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, গণঅভ্যুত্থানে তারেক রহমানের অবদানকে যারা অস্বীকার করতে চায় তারা প্রকৃত সত্যকে আড়াল করছে। আওয়ামী সরকারের চরম ফ্যাসিবাদী আচরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বার বার হোঁচটের মুখে পড়েছিল, তারেক রহমান তখন তার বিচক্ষণতা ও দক্ষতার সঙ্গে মন্ত্রণা দিয়ে বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে এই আন্দোলনে রাজপথে সুসংগঠিত ও সম্পৃক্ত করে গণঅভ্যুত্থানে পরিণত করতে পথ দেখিয়েছিলেন। আন্দোলন চলাকালে তারেক রহমান প্রতিদিন প্রতি মুহূর্ত নিবিড়ভাবে তত্ত্বাবধান করেছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, ফ্যাসিস্টদের প্রতিটি গুলির শব্দে তার বুক যেমন হাহাকার করেছে, তেমনি আন্দোলন তীব্র করে প্রতিটি গুলির রাজনৈতিক জবাব দিতে নেতাকর্মীদের উৎসাহ দিয়েছেন। গণঅভ্যুত্থানের ঐক্য বিনষ্ট করতে কোনো কোনো মহল অপচেষ্টা করছে। যেকোনো মূল্যে গণঅভ্যুত্থানের ঐক্য অক্ষুণ্ণ রেখে প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, দ্রুত নির্বাচন জনগণের চাহিদা। লন্ডনে ড. ইউনুস ও তারেক রহমানের বৈঠকে রোজার আগেই নির্বাচনের যে টাইমফ্রেম পেয়ে জনগণ খুশি।

প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের সংবাদে সন্তোষ প্রকাশ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, আশা করি এই বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক পুনর্গঠনের সঙ্গে সঙ্গে ওয়ার্ডের ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের প্রচারণা শুরুর আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনের ধানের শীষের সরকার নারী পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের জন্য উন্নত ও মানবিক জীবন গড়তে কাজ করবে। এ লক্ষে তিনি আগামী দিনে বিএনপি সরকারের জন্য তারেক রহমানের বিনামূল্যে  স্বাস্থ্যসেবা, একটি ফসলের উৎপাদন খরচ প্রদান, প্রতি পরিবারে মহিলা সদস্যের নেম ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাংসারিক খরচের একাংশ প্রদান ও বেকার ভাতার কর্মসূচির কথা উল্লেখ করে সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান।

হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল আজিজ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম মহাসচিব মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, মনিরুজ্জামান স্বাধীন, শামসুল আলম সামস, তাজিকুল ইসলাম, অনোয়ার হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আর নিলু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন খান, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গনি, জেল যুবদলের সদস্য আবদুল মালেক সোহান, জেলা জাসাস-এর সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা তাঁতি দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্যসচিব তাজবির হোসেন অন্তর বক্তব্য রাখেন।