জাপানের সঙ্গে ৬৩০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

বাংলাদেশ ও জাপানের মধ্যে ৬৩০ মিলিয়ন মার্কিন ডলারের এক নতুন ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ‘বন্ধুপ্রতিম’ জাপান সরকারের সঙ্গে এই চুক্তি আজ শুক্রবার রাজধানীতে স্বাক্ষরিত হয়। এটি ৪৬তম ইয়েন লোন প্যাকেজের দ্বিতীয় কিস্তির আওতায় সম্পাদিত হয়েছে।

চুক্তিটি ‘জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথে ডুয়েল গেজ ডাবল লাইনের নির্মাণ (পর্ব-১)’ প্রকল্প বাস্তবায়নের জন্য করা হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জাপানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি টমোহাইড স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় ইআরডির এনইসি-২ সভাকক্ষে।

এই ঋণের আওতায় বাংলাদেশ সরকার পাবে ৯২ হাজার ৭৭ মিলিয়ন জাপানিজ ইয়েন, যা প্রায় ৬৩০ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য। এর আগে গত ৩০ মে টোকিও সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই প্রকল্পের জন্য বিনিময় নোট স্বাক্ষর হয়।

প্রকল্পটির উদ্দেশ্য হলো জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত বিদ্যমান রেলপথের সক্ষমতা বৃদ্ধি করা এবং দেশের পরিবহন নেটওয়ার্ককে আরও গতিশীল ও আধুনিক করা। প্রকল্পের আওতায় ১৬২ কিলোমিটার ডুয়েল গেজ মেইন লাইন, ২৫ কিলোমিটার লুপ ও সাইডিং লাইন, ১১ কিলোমিটার বিদ্যমান রেললাইন পুনর্নির্মাণ এবং তিনটি নতুন স্টেশনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে।

চুক্তি অনুযায়ী, এই প্রকল্পে নির্মাণ ব্যয়ের জন্য ঋণের সুদের হার হবে ২ শতাংশ, পরামর্শক সেবার জন্য ০.৬৫ শতাংশ এবং ফ্রন্ট অ্যান্ড ফি হিসেবে এককালীন ০.২০ শতাংশ। এই ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য।

উল্লেখযোগ্যভাবে, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জন্য ইতিমধ্যে ৪ হাজার ২২৮ মিলিয়ন জাপানিজ ইয়েন (প্রায় ৩২ মিলিয়ন মার্কিন ডলার) ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

বাংলাদেশ সরকারের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, স্বাস্থ্য, পানি সরবরাহ, পল্লী উন্নয়ন, শিক্ষা, মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপান সরকার এ পর্যন্ত মোট ৩৩.৬২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে রয়েছে ঋণ ও অনুদান উভয়ই। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামোগত অগ্রগতিতে এই সহায়তা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।