জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন দফতর ও সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের অফিসে অনিয়মিত উপস্থিতি বা বিনা অনুমতিতে অনুপস্থিতি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে এনবিআর।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান কর্মসূচির কারণে রাজস্ব সংগ্রহের সঙ্গে সরাসরি সম্পৃক্ত দফতরগুলোতে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন—যা অত্যন্ত উদ্বেগজনক। অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে এমন অচলাবস্থা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।
এনবিআর জানায়, সরকারি বিধি অনুযায়ী, কর্মস্থলে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা, দেরিতে অফিসে প্রবেশ বা স্বেচ্ছায় অফিস ত্যাগ করা শৃঙ্খলাবিরোধী ও শাস্তিযোগ্য অপরাধ। এমন কর্মকাণ্ড রোধে এবং অর্থবছরের শেষ তিন কর্মদিবসে আমদানি-রপ্তানি, ব্যবসা-বাণিজ্য ও রাজস্ব আদায় নির্বিঘ্ন রাখার লক্ষ্যে কাস্টমস হাউস, কর কমিশনারেট এবং ভ্যাট কমিশনারেটের সব কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যেক কর্মকর্তাকে নির্ধারিত সময়মতো অফিসে উপস্থিত থাকতে হবে এবং যদি দাফতরিক বা জরুরি প্রয়োজনে অফিস ত্যাগ করতে হয়, তাহলে সংশ্লিষ্ট দফতরপ্রধানের পূর্বানুমতি নিয়ে ‘অফিস ত্যাগ রেজিস্টারে’ এন্ট্রি করে তবেই ত্যাগ করতে হবে। এসব নির্দেশনা লঙ্ঘন করলে সরকারি বিধি মোতাবেক সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রসঙ্গত, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের উদ্যোগে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে এক সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচি চলছে। আগামীকাল শনিবার সংগঠনটি ‘মার্চ টু এনবিআর’ ও কিছু ব্যতিক্রম ছাড়া ‘কমপ্লিট শাটডাউন’ পালনের ঘোষণা দিয়েছে। এই প্রেক্ষাপটে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে এনবিআর নতুন করে এই নির্দেশনা জারি করল।