রিয়া মনিকে না পেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ঘটনাটি ঘটেছে বগুড়ার ধুনট উপজেলায় ঘনিষ্ঠ বন্ধু জাহিদ হাসান সাগরের বাড়িতে। তাকে অচেতন অবস্থায় গতকাল শুক্রবার দুপুর ১২টায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বন্ধু। এদিকে ঢাকা থেকে বগুড়া এসে হিরো আলমকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পথে রওনা দিয়েছেন রিয়া মনি।
এ বিষয়ে হিরো আলমের বন্ধু জাহিদ হাসান সাগর বলেন, আমার ধারণা রিয়া মনিকে না পাওয়ার হতাশা থেকেই সে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। আমি তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, ঘুমের ওষুধ সেবন করে হিরো আলম অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হিরো আলম শঙ্কামুক্ত রয়েছেন। হিরো আলমের ক্যামেরা পারসন আহসান হাবিব সেলিম জানান, হিরো আলমকে দুপুরের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রিয়া মনি ও মিথিলার সঙ্গে গাড়িতে করে ঢাকার পথে রওনা হয়েছেন। এ বিষয়ে রিয়া মনিকে প্রশ্ন করা হলে, তিনি কোনো উত্তর দেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হিরো আলমকে বুকে নিয়ে ছবি পোস্ট করেছেন এবং লেখেন, ‘সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে, সম্পর্ক ভেঙে দিতেও তেমন সময় লাগে। সম্পর্ক গড়ে ওঠে দুজনের মতে, আর ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে।’