ওয়াকফ মামলা শুনানির জন্য হাইকোর্টে বেঞ্চ গঠন

ওয়াকফ মামলা শুনানির জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বেঞ্চ গঠিত হয়েছে। বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি মো. মনসুর আলমকে এই বেঞ্চের বিচারকার্য পরিচালনার জন্য নিযুক্ত করা হয়েছে। আগামীকাল রবিবার থেকে এই বেঞ্চের কার্যক্রম শুরু হবে। গতকাল শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের পক্ষে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ জুন) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। ওয়াকফ প্রশাসনের অনিষ্পন্ন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই বেঞ্চটি গঠন করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের ২০২৫ সনের ১৪৬ নম্বর গঠনবিধি অনুসারে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই বেঞ্চ গঠন করেছেন। এ বেঞ্চটিকে অগ্রাধিকার ভিত্তিতে ওয়াকফ, মুক্তিযোদ্ধা বিষয়ক ও ইনকাম ট্যাক্স সংক্রান্ত রিট মোশন ও এসংক্রান্ত শুনানিসহ আরও কিছু বিষয় শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে।