নেটওয়ার্ক কানেক্টিভিটি আরও শক্তিশালী এআই ও ফাইভজি-অ্যাডভান্সডে

চীনে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) সাংহাই ২০২৫-এ ‘মোবাইল ব্রডব্যান্ড ফোরাম (এমবিবিএফ) টপ টক সামিট’ অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠানের কর্মকর্তারা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদ্ভাবক ও শিক্ষাবিদসহ ১৫০ জন অতিথি অংশ নেন।

হুয়াওয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর অব দ্য বোর্ড ডেভিড ওয়াং এ সম্মেলনে বলেন, ‘মোবাইল এআইর ব্যবহার তিনটি নতুন উপায়ে মোবাইল শিল্প খাতে নতুন প্রাণশক্তি নিয়ে আসছে। প্রথমত, মোবাইল ডিভাইসগুলো এখন আর কেবল অ্যাপের ওপর নির্ভরশীল নয়। এখন ডিভাইসগুলো এআই এজেন্ট হোস্ট করতে শুরু করেছে দ্বিতীয়ত, আইওটির (ইন্টারনেট অব থিংস) সঙ্গে এআইয়ের সমন্বয় বুদ্ধিবৃত্তিক বিশ্বের নতুন দ্বার উন্মোচন করছে।

তৃতীয়ত, এআই এখন নেটওয়ার্ক প্রযুক্তিকে শক্তিশালী করে তুলেছে। আমরা আগে নেটওয়ার্ক ব্যবস্থাপনার ক্ষেত্রে মূলত পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দক্ষতার ওপর গুরুত্ব দিতাম। কিন্তু এখন এআই আমাদের একই সঙ্গে স্পেকট্রাম, শক্তির ব্যবহার, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দক্ষতা বাড়ানোর সুযোগ করে দিচ্ছে।’

তিনি ফাইভজি-এ (অ্যাডভান্সড)-এর সম্ভাবনা উন্মোচন করে মোবাইল এআইয়ের যুগে সম্মিলিতভাবে সাফল্য অর্জনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

হুয়াওয়ে করপোরেট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আইসিটি সেলস অ্যান্ড সার্ভিস বিভাগের প্রেসিডেন্ট লি পেং অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বলেন, ‘ফাইভজি-এ আরও শক্তিশালী সক্ষমতা নিয়ে আসবে। এটি অপারেটরদের জন্য বহুদিক থেকে নির্ভরযোগ্য নেটওয়ার্ক অভিজ্ঞতা নিশ্চিত করার পথ সুগম করবে।’ বিজ্ঞপ্তি