২০১৮ সালে কালো নির্বাচন হয়েছে। সে সময় এই নির্বাচন যারা অনুষ্ঠিত করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য একটি কমিশন গঠন করার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
গতকাল শুক্রবার বিকেলে বিমানবন্দর থানার কাওলা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ দফা লিফলেট বিতরণের সময় তিনি এ দাবি জানান। এ সময় বিমানবন্দর থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোস্তফা জামান বলেন, দলের নির্দেশনায় আমিসহ আমার নেতাকর্মী মাঠে রয়েছে। বিভিন্ন জায়গায় প্রচার-প্রচারণা চালাচ্ছে। দেশে একধরনের অস্থিরতা চলছে। ব্যবসা-বাণিজ্য সবকিছু থমকে গেছে। অনেকেই নির্বাচন যাতে না হয় সেজন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোস্তফা জামান বলেন, যারা দলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ঢাকা মহানগর উত্তরের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের আমরা বহিষ্কার করেছি। তারা কোনোভাবেই দলের কোনো কার্যক্রম এবং কোনোকিছুতেই অংশগ্রহণ করতে পারছে না। লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর থানার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।