রাজধানীর খিলক্ষেতে রেলওয়ের জমিতে একটি অস্থায়ী পূজামণ্ডপ ঘিরে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, পূজার আয়োজকরা পূজা শেষে মণ্ডপটি সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পূজা শেষ হওয়ার পর বারবার বলা সত্ত্বেও তারা মণ্ডপটি সরিয়ে নেননি। গতকাল শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।
বার্তায় ফাওজুল কবির খান বলেন, রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলের জমিতে অস্থায়ী মণ্ডপ সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা পরিলক্ষিত হচ্ছে। তিনি বলেন, গত বছর দুর্গাপূজার সময় কিছু ব্যক্তি কোনো পূর্বানুমতি ছাড়াই খিলক্ষেতে রেলের জমিতে একটি পূজা মণ্ডপ তৈরি করে। পূজা শেষে মণ্ডপটি সরিয়ে নেওয়ার শর্তে পূজা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়। পূজার আয়োজকরা রেলকে পূজা শেষে মণ্ডপ সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন।