বালিয়াকান্দিতে এসআইয়ের বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে রামপ্রসাদ সরকার নামে এ এসআইয়ের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

রামপ্রসাদের মা মিনা রানী সরকার জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে ১০ থেকে ১২ জন ডাকাত দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। 

শুক্রবার (২৭ জুন) বিকালে এ ঘটনায় বালিকান্দি থানায় মামলা করেছেন রামপ্রসাদ সরকারের বাবা। বাড়িতে রামপ্রসাদের বাবা ও মা ছিলেন। তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বালিয়াকান্দি থানার ওসি মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদীয়া গ্রামে পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যের বাবা বাদী হয়ে থানায় শুক্রবার বিকেলে একটি মামলা করেছেন। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যহত আছে।