ব্যাটিং আমাদের সব শেষ করে দিয়েছে, ম্যাচ শেষে শান্ত

কলম্বো টেস্টে ইনিংস ও ৭৮ রানে হারের পর মুখোমুখি হয়ে হতাশার সুরে কথা বললেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গল টেস্টের প্রতিরোধের পর এমন ভেঙে পড়া মানতে পারছেন না তিনি।

ম্যাচ শেষে শান্ত বলেন, ‘প্রথম টেস্টের যেভাবে শেষ করেছিলাম, এরপর এই টেস্টের ফল খুব হতাশাজনক। প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং মানদণ্ডে পৌঁছায়নি। সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি।’

পিচ নিয়ে কিছুটা আফসোসও ঝরেছে শান্তর কণ্ঠে, ‘আমি এখনও মনে করি আমাদের ব্যাটিং করা উচিত ছিল আগে। উইকেট একটু ধীর গতির ছিল ঠিকই, কিন্তু যেভাবে আমরা আউট হয়েছি, তা গ্রহণযোগ্য নয়। আমরা সবসময় সহজ অপশন বেছে নিয়েছি, আর ভুল করেছি।’

তবে ব্যাটিং ব্যর্থতার মাঝেও বোলারদের কাজ প্রশংসা পেয়েছে অধিনায়কের মুখে, ‘তৃতীয় দিনে আমরা যেভাবে বোলিং করেছি, তা এই ধরনের কন্ডিশনে দারুণ। সেটা দেখে ভালো লেগেছে।’

বাংলাদেশ সিরিজ হারলো ১–০ ব্যবধানে, কিন্তু অধিনায়কের চোখে বারবার ঘুরে ফিরে একটাই চিত্র, ব্যাটসম্যানদের ভুল সিদ্ধান্তই টেনে দিল টেস্টের পরাজয়ের রেখা।