ফেসবুকে আবু সাঈদকে নিয়ে কটূক্তি, যুবক আটক

জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ছবি দিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করায় নেত্রকোনার কেন্দুয়া থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মো. সুমন আহম্মেদ (১৮) কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়নের সান্দিকোনা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় সুমনকে নিজ গ্রাম থেকে আটক করে কেন্দুয়া থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুক পোস্টে শহীদ আবু সাঈদের একটি ছবি জুড়ে দিয়ে অশালীন মন্তব্য করেন সুমন। ওই পোস্টে বিভিন্ন ব্যঙ্গাত্মক ইমোজি যুক্ত করেন তিনি। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তাকে আটক করা হয়।

ওই পোস্টের প্রতিবাদে শুক্রবার রাতেই কেন্দুয়া শহরে বিক্ষোভ মিছিল বের করে জুলাই যোদ্ধারা। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শহীদ আবু সাঈদকে অসম্মান করার ঘটনায় দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। শহীদের ছবি নিয়ে এমন নোংরা মন্তব্য দেশের স্বাধীনতা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত বলে জানান তারা।

শনিবার কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আটক সুমনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।